সন্ত্রাস-ষড়যন্ত্র বন্ধ না করলে কালো হাত গুঁড়িয়ে দেব

অপরাজনীতি ছাড়তে বিএনপিকে ৩৬ দিনের আলটিমেটাম দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, এই ৩৬ দিনের মধ্যে বিএনপিকে আগুন-সন্ত্রাস, নাশকতার রাজনীতি ছাড়তে হবে। গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করতে হবে। না হলে জনগণকে সঙ্গে নিয়ে অপরাজনীতির কালো হাত গুঁড়িয়ে দেব। সোমবার বিকালে রাজধানীর উত্তরায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথি ওবায়দুল কাদের এসব কথা বলেন। সেতুমন্ত্রী আরও বলেন, বিএনপি যদি অস্ত্র নিয়ে আসে ওই হাত ভেঙে দিতে হবে। আগুন নিয়ে এলে ওই হাত পুড়িয়ে দিতে হবে। যেমন কুকুর, তেমন মুগুর।

ওবায়দুল কাদের বলেন, বিএনপি ভর করেছে ভিসানীতির ওপর আর আওয়ামী লীগ জনগণের শক্তির ওপর। কারও নিষেধাজ্ঞা ও খবরদারিতে বাংলাদেশে নির্বাচন চলবে না। আমরা ভিসানীতি, নিষেধাজ্ঞার তোয়াক্কা করি না। যারা ভিসানীতি, নিষেধাজ্ঞা দেয়, তাদের দেশেই গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। কিছুই তারা করতে পারছে না। আমরা পরোয়া করি বাংলাদেশের জনগণকে। বাংলাদেশের জনগণ ছাড়া কোনো ভিসানীতি, নিষেধাজ্ঞা মানি না, মানব না। আমাদের নির্বাচন আমরা করব। সংবিধান বলে দিয়েছে কীভাবে নির্বাচন হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি খালেদা জিয়ার মুক্তির জন্য ৩৬ মিনিটও আন্দোলন করতে পারেনি। ৩৬ দিনের সময় দিলাম, ঠিক হয়ে যান। বিএনপির কোমর ভেঙে গেছে। বিএনপির উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, সুযোগ একটাই; নির্বাচনে আসেন। নির্বাচনে যদি না আসেন খেলার আগেই হেরে যাবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের প্রতি প্রশ্ন রেখে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির পলাতক দণ্ডিত নেতা তারেক রহমানকে মার্কিন রাষ্ট্রদূত জেমস মরিয়ার্টির দেয়া নিষেধাজ্ঞার কী হলো ফখরুল সাহেব?

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধপরিকর।’ আপনারাও (পশ্চিমা বিশ্ব) অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চান। তাহলে আপনাদের আর আমাদের পার্থক্য কোথায়? কোনো পার্থক্য নেই। তাহলে কেন নাটক করা হচ্ছে? ভিসানীতির আড়ালে যদি কোনো ষড়যন্ত্র হয় সেই ষড়যন্ত্র কীভাবে প্রতিহত করতে হয় আওয়ামী লীগ নেতাকর্মীরা সেটা ভালো করে জানে।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম মান্নান কচি। আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন ও মির্জা আজম, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, স্বাস্থ্য ও জনসংখ্যা সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শবনম জাহান শিলা, যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল প্রমুখ।

এদিকে সোমবার বিকালে রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে শান্তি ও উন্নয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা মতিয়া চৌধুরী। দেশের উন্নয়ন যাত্রা অব্যাহত রাখতে, শেখ হাসিনার নেতৃত্বকে বেগবান করতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, দেশের চলমান উন্নয়ন ও অগ্রগতি ধরে রাখতে গণতন্ত্র ও স্থিতিশীল পরিবেশ প্রয়োজন। এটাই আমরা চাই, সবাই আল্লাহর কাছে দোয়া করবেন বাংলাদেশে যেন গণতান্ত্রিক ধারাটা অব্যাহত থাকে।

মতিয়া চৌধুরী আরও বলেন, গণতান্ত্রিক ধারা অব্যাহত আছে বলেই আজকে আমরা বাংলাদেশকে উন্নত করতে পেরেছি। উন্নয়নশীল দেশের মর্যাদাও পেয়েছি। যদি একটা স্থিতিশীল ধারাবাহিকতা না থাকত তাহলে এটা কখনো অর্জন করা সম্ভব হতো না। আমাদের এই গণতান্ত্রিক ধারা কিন্তু দীর্ঘ সংগ্রামের ফসল, এটা সবাইকে মাথায় রাখতে হবে। এটা একদিনে আসেনি।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, সরকার পতনের হুমকি দিয়ে বিএনপি আবারও নিজেদের দেউলিয়াত্ব প্রকাশ করছে। দলটির হুমকিতে আওয়ামী লীগ আরও ঐক্যবদ্ধ হয়। বিএনপি কর্মগুণে নিজ দলের জন্য হুমকিতে পরিণত হয়েছে। তিনি বলেন, ইনশাআল্লাহ তাদের সব আন্দোলন মোকাবিলা করেই ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতাকর্মীরা আরেকবার শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী করবেন।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেন, আপনারা জানেন বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি এবং আগামী নির্বাচনকে ভণ্ডুল করার উদ্দেশ্যে বিএনপি নানা কর্মসূচি ঘোষণা করে যাচ্ছে। আমরা সরকারি দল হিসাবে আওয়ামী লীগের দায়িত্ব রয়েছে। দেশে যাতে কেউ শান্তি-শৃঙ্খলা ও জনজীবনে নিরাপত্তা বিনষ্ট করতে না পারে সেদিকে সজাগ থাকতে হবে।

সমাবেশে আরও বক্তৃতা করেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম, ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন ও আব্দুর রহমানসহ কেন্দ্রীয় এবং স্থানীয় নেতারা। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি নূরুল আমিন রুহুলের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক হুমায়ন কবির।