কাজী নজরুল ইসলাম

বইমেলার সকালটা শিশুদের, সন্ধ্যায় জনসমুদ্র

প্রথম শিশুপ্রহরের সকালটা শিশুদের কলকাকলিতে মুখর বাংলা একাডেমির অমর একুশে বইমেলা বিকাল গড়িয়ে সন্ধ্যা নামতেই যেন রূপ নেয় জনসমুদ্রে। শত শত মানুষের ভিড়ে মেলায় দেখা যায় প্রাণের জোয়ার। কেউ এসেছেন স্বপরিবারে, কেউবা বন্ধুদের নিয়ে। তবে বই বিক্রির ধুম লাগেনি এখনো।

প্রকাশনা সংস্থা ইউপিএলের সহকারী ব্যবস্থাপক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাধারণত বইমেলা গুছিয়ে উঠতে প্রথম দুই-তিনদিন চলে যায়। কিন্তু এবার মেলার দ্বিতীয় দিনই শুক্রবার হওয়ায় প্রথম থেকেই লোক সমাগম হচ্ছে।

“প্রথম সপ্তাহে বই বিক্রি৷ সাধারণত কমই হয়। নতুন বইও সব মেলায় আসতে প্রথম সপ্তাহ পেরিয়ে যায়। তবে এবার প্রথম থেকেই জমে উঠেছে মেলা। কয়েকদিনের মধ্যেই উল্লেখযোগ্য সব বই মেলায় চলে আসবে।”

বৃহস্পতিবার মেলা শুরুর পর রাতের বৃষ্টি কিছুটা চিন্তায় ফেলেছিল প্রকাশকদের। তবে বৃষ্টি যেন অনেকটা আশির্বাদ হয়েই আসে। বৃষ্টির কারণে শুক্রবার মেলায় ছিল না ধুলার বিড়ম্বনা। আগের দিন যেসব স্টল ছিল অগোছালো, তাও রাতের মধ্যেই অনেকটা গুছিয়ে নিয়ে শুক্রবার সকাল থেকে বইপ্রেমীদের অপেক্ষা শুরু হয় প্রকাশকদের।