১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ বুধবার শরৎকাল

খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে ইউপিডিএফ সমর্থিত ৪ নেতা নিহত

খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির পানছড়িতে দুর্বৃত্তের গুলিতে প্রসীতপস্থী ইউপিডিএফ এর ৪ নেতা নিহত হয়েছে। ১০টার দিকে পুজগাং এর অনিলপাড়ায় একটি বাড়িতে ঢুকে এই হত্যকান্ড ঘটানো হয়। এসময় দুর্বৃত্তরা আরো ৩ জনকে ধরে নিয়ে যায়। ইউপিডিএফ ঘটনার জন্য প্রতিপক্ষকে দায়ী করেছে। তবে ঘটনার ১৫ ঘন্টা পরও ঘটনাস্থলে পৌঁছেনি পুলিশ। এমন ঘটনায় ঐ এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
নিহতের মধ্যে রয়েছেন, ইউপিডিএফ সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বিপুল চাকমা (২৮), জেলা সহ-সভাপতি লিটন চাকমা (২৯), পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা (২৬) ও ইউপিডিএফের সদস্য রুহিনসা ত্রিপুরা। এছাড়াও ইউপিডিএফ নেতা হরি কমল ত্রিপুরা, মিলন ত্রিপুরা ও নীতি দত্ত চাকমা নিখোঁজ রয়েছে।
ঘটনাস্থলে জনৈক অতুল চাকমার বাড়ির বাইরে ২টি এবং ভিতরে আরো ২জনের লাশ পড়ে রয়েছে। ২৩টি গুলির খোসা পড়ে আছে। স্থানীয়রা জানান, ২০/২৫জনের একদল অস্ত্রধারী সন্ত্রাসী আকস্মিক এসে বাড়িটি ঘেরাও করে। এসময় বাড়িতে অবস্থান নেযা নেতাকর্মীরা পালিয়ে যাবার চেষ্টা করলে তাদেরকে গুলি হত্যা করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইউপিডিএফ জেলা সংগঠক অংগ্য মারমা জানান, মঙ্গলবার এলাকায় যুব সম্মেলন হওয়ার কথা ছিল। সেজন্যই তারা সেখানে অবস্থান করছিলেন। মদদপুষ্ট নব্যমুখোশধারী সন্ত্রাসীরা এই ঘটনা ঘটিয়েছে।
ঘটনার পর থেকে বারবার চেষ্টা করেও পুলিশ সুপার মুক্তা ধর ও পানছড়ি থানার ওসি সফিউল আজমের বক্তব্য পাওয়া যাযনি। এঘটনাকে কেন্দ্র করে ইউপিডিএফ এক বিবৃতিতে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর প্রতিবাদ সমাবেশ, কালো পতাকা উত্তোলন, ১৫ ডিসেম্বর থেকে পানছড়ি বাজার বয়কট, ১৭,ডিসেম্বর পানছড়ি উপজেলা ধর্মঘট, ১৮ ডিসেম্বর জেলাব্যাপি সকাল সন্ধ্যা শান্তি পুর্ন সড়ক অবরোধ কর্মসূচি ঘোষণা করেছে।